ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারে
উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১২:২৫
ফের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের সামরিক শাসন বিরোধী আন্দোলনকারীরা। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে কয়েক সপ্তাহ ধরে চলা প্রতিবাদ দমাতে রবিবার (২৮ ফেব্রুয়ারি) মিয়ানমারজুড়ে বিক্ষোভে গুলি চালায় পুলিশ, এতে অন্তত ১৮ জন নিহত হয়।
এ পরিস্থিতিতেও সোমবার ফের রাস্তায় নেমে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিয়েছেন আন্দোলনকারীরা। খবর রয়টার্সের।
ইয়াঙ্গুনের যে চৌরাস্তায় আগের দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছিল সোমবার সেখানে পুলিশ ও সামরিক বাহিনীর প্রায় ১০টি গাড়ি মোতায়েন করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। পুলিশের বহরে জলকামানও আছে।
উত্তরপশ্চিম মিয়ানমারে কালে শহরে বিক্ষোভকারীরা সু চির পোস্টার নিয়ে মিছিল শুরু করেছেন, তারা গণতন্ত্রের পক্ষে শ্লোগান দিচ্ছেন।
ফেইসবুকে আসা লাইভ ভিডিওতে দেখা গেছে, শান রাজ্যের লাশিওতে বিক্ষোভকারীদের ছোট একটি দল একটি রাস্তায় জমায়েত হয়েছেন, তাদের মাথায় শক্ত ক্যাপ পরা। তারা শ্লোগান দিচ্ছেন আর পুলিশ তাদের দিকে এগিয়ে যাচ্ছে।

