কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৪:১০

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম (৫১) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৪ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত সিএনজি চালক ও ৪ জন যাত্রীকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেড়ামারা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় উঠলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিএনজিচালক ও অন্য ৪ যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। পুলিশ সিএনজি ও ট্রাকটি জব্দ করেছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইলে ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে ১ জন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading