বাংলাদেশে টিকা নিলেন ইংলিশ তিন কোচ
উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:৫৩
বাংলাদেশেই করোনার টিকা নিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেসহ ৩ ইংলিশ কোচ।
জানা গেছে, আজ সোমবার (১ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিকা নিয়েছেন জেমি ডে। তার মতো টিকা নিয়েছেন আরও দুই ইংলিশ কোচও। জেমি ডে’র পাশাপাশি সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলিও টিকা নিয়েছেন।
টিকা নেওয়ার পর জেমি ডে গণমাধ্যমকে বলেছেন, ‘করোনাভাইরাসের টিকার প্রথম ধাপ সম্পন্ন হলো। টিকা নিয়ে আমি ভালো আছি। কোনও সমস্যা হচ্ছে না। যদিও আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। তবে আমি মনে করি সবারই টিকা নেওয়া উচিত।’

