শিশুদের সুন্দর-শান্তিময় আবাসস্থল নির্মাণে সকলকে উদ্যোগী হতে হবে: ফখরুল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:৫০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিশুদের জন্যে সুন্দর-শান্তিময় আবাসস্থল নির্মাণে সকলকে উদ্যোগী হতে হবে।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১১তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি-২০১৯’ এর পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অুনষ্ঠানে প্রধান অতিথি মির্জা ফখরুল নিজ হাতে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতার এই ৫০ বছরের আমাদের শিশুদের জন্য কি সত্যিকার অর্থে একটা ভালোবাসার দেশ, একটা প্রেমের দেশ, একটা স্বপ্নের দেশ নির্মাণ করতে পেরেছি? না, আমরা সেটা করতে পারিনি। আমরা আমাদের শিশুদের জন্য সেই আবাসস্থল তৈরি করতে পারিনি, যেখানে তারা নিরাপদে গড়ে উঠবে মানুষের মতো।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সকলের কাছে আমার আহ্বান থাকবে যে, আসুন আমরা সবাই মিলে উদ্যোগ নিই; চেষ্টা করি শিশুদের জন্যে সত্যিকার অর্থেই একটা শান্তিময় নিরাপদ পৃথিবী গড়ে তোলার। আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই হাসি-গান আর ফুলের একটি দেশ বানিয়ে তুলি। এটাই হোক আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, ‘আমাদের অনেক বয়স হয়েছে। আমরা কিছু পরে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব। এই কোভিডে আমাদের অনেক গুণি মানুষ চলেও গেছেন। আমরা দেখে যেতে চাই, সত্যিকার অর্থেই বাংলাদেশ শিশুদের জন্যে সন্দুর, ন্যায়ভিত্তিক, আনন্দ ও প্রেমময় একটি জগৎ তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বার বার করে আমার মনে হয়, শিশুদের জন্য আবাসস্থল তৈরি করতে না পারার দায় আমাদের। আমরা যারা এদেশ স্বাধীন করেছিলাম, লড়াই করে, যুদ্ধ করে; আমরা যারা কথা দিয়েছিলাম যে, এই দেশ একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব, এই রাষ্ট্রকে আমরা সহনশীল, উদার রাষ্ট্র বানাবো- এই দায় তাদের। আমাদের দুর্ভাগ্য পুরোপুরিভাবে সেটা আমরা করতে পারিনি। আমরা নিজেদের মধ্যে দলাদলি করেছি, কোন্দল করেছি, বিভক্ত হয়েছি।’

