আওয়ামী লীগ থেকে বহিষ্কার কাউন্সিলর সেলিম

আওয়ামী লীগ থেকে বহিষ্কার কাউন্সিলর সেলিম

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১০:০৫

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাতে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বহিষ্কার হওয়া সালেহ আহমেদ সেলিম সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও রয়েছেন। গত ৮ জানুয়ারি মহানগর আওয়ামী লীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পান তিনি।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেলিমকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যেসব অভিযোগ ওঠেছে তা তদন্তে মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্যকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন— নগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি উপশহর এলাকায় নারী উদ্যোক্তা মেলা আয়োজন নিয়ে আয়োজকদের কাছে তার নাম করে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এর জের ধরে গত ৬ মার্চ মেলার উদ্যোক্তা অনিতা দাস গুপ্তা কাউন্সিলর সেলিমের বিরুদ্ধে নগর পুলিশের শাহপরাণ থানায় একটি অভিযোগ দায়ের করেন। মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় এ বিষয় উত্থাপিত হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading