১১ মার্চেও পুলিশের গুলিতে নিহত ৭
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৪০
বৃহস্পতিবার, ১১ মার্চ দিনটি ছিল মার্চের উত্তাল অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিবস। সারাদেশের মানুষ বঙ্গবন্ধুর ডাকে সর্বাত্মক অসহযোগ পালন করেন।
এদিন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের উপ-আবাসিক প্রতিনিধি মি. কে. উলফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করেন। বঙ্গবন্ধু তাকে যতদিন খুশি বাংলাদেশে থাকার অনুরোধ করে বলেন, পাকিস্তান সেনাবাহিনী দেশে গণহত্যা চালানোর পাঁয়তারা করছে। এ অবস্থায় মানবতা রক্ষায় তাদের দেশ না ছাড়তে অনুরোধ করেন।
বরিশালে এদিন কারাগার ভেঙ্গে ২৪ কয়েদী পালিয়ে যায় এবং পুলিশের গুলিতে ২ জন নিহত ও ২০ জন আহত হয়। কুমিল্লাতেও পুলিশের গুলিতে ৫ জন নিহত ও শতাধিক লোক আহত হয়।
হাইকোর্টের বিচারপতিসহ সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মচারীরা তাদের সংশ্লিষ্ট বিভাগের অফিস বর্জন করেন।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো, অসহযোগ সমর্থনকারী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংস্থা, পেশাজীবীগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ বঙ্গবন্ধুর কর্মসূচীর সমর্থনে সোচ্চার।

