শুভেচ্ছায় ভাসছেন সাকিব আল হাসান
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১১:১৭
ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কের মুখোমুখি হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতিও তাকে নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যেই আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। এদিকে আজ (২৪ মার্চ) তার ৩৩তম জন্মদিন।
তাই সব কিছু ছাপিয়ে বিশ্বসেরার জন্মদিনে ভক্ত, সতীর্থ থেকে শুরু করে সর্বসস্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাকে। আইপিএলে সাকিবের দল কলকাতা রাইডার্সও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। নিজেদের ফেসবুক পেজে সাকিবকে শুভেচ্ছা জানাতে গিয়ে কেকেআর লিখেছে, ‘আমাদের প্রিয় সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন। আপনি সব সময় আমাদের কাছে সুপারস্টার হিসেবে থাকবেন।’
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে একদিনের ক্রিকেটে ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন সাকিব আল হাসান। তখন হয়তো কেউই ভাবেইনি সেই সাকিব একদিন বিশ্বজয় করবেন। সেই থেকে শুরু। সাকিব ছুটেছেন নিজস্ব গতিতে।
জন্মদিনে ক্রিকইনফো আবার কিছু পরিসংখ্যান দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সাকিবকে, ‘সর্বোচ্চ উইকেট শিকারি এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার প্লাস রান এবং ৫০০ প্লাস উইকেট শিকারি তিনজন খেলোয়াড়ের একজন। একজন অলরাউন্ডার সুপারস্টার, বাংলাদেশের সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা।’ সাকিবের জন্মদিনে সতীর্থ ইমরুল কায়েস নিজের ফেসবুকে লিখেছেন, ‘একজন সেরা ক্রিকেটার, সতীর্থ, বন্ধু এবং বাংলাদেশ ক্রিকেটের আদর্শ সাকিব আল হাসান। জন্মদিনের শুভেচ্ছা।’ অফ-স্পিনার নাঈম হাসান লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব ভাই। আপনার সমৃদ্ধ জীবন কামনা করছি এবং আপনার সাথে আরও ম্যাচ খেলার আশা করছি।’ আরেক তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনও শুভেচ্ছা জানিয়েছেন সাকিবকে, ‘শুভ জন্মদিন ভাই।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘যে মানুষটি লক্ষ লক্ষ স্বপ্নকে অনুপ্রাণিত করেছিল তাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভকামনা, সাকিব ভাই।’ পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, লিজেন্ড সাকিব আল হাসান। ভাই আপনার জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।’
সাকিবের জন্মদিনে নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমাদের কিংবদন্তি সাকিব আল হাসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য এবং আরও অনেক সাফল্য দান করুন।’ সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুব বিশ্বকাপজীয় দলের পেসার শরিফুল ইসলামও।

