বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:৪৫
বাংলাদেশি যুবক সাইদুর রহমানের (২২) লাশ বাংলাদেশের বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) এর নিকট হস্তান্তর করেছে ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মৃত্যুর প্রায় ৩৯ ঘণ্টা পর মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯টায় বিএসএফ-বিজিবির নিকট লাশ হস্তান্তর করে। নিহত সাইদুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়গোপ টিলার হতদরিদ্র ঠেলাগাড়ি চালক হবি রহমানের ছেলে।
মঙ্গলবার নিহতের পরিবার ও সীমান্তে থাকা লোকজন জানান, সোমবার দিনভর ভারতীয় বিএসএফ পোস্টের কাছে পড়ে থাকা সাইদুরের লাশ ওইদিন সন্ধ্যার পর নলিকাটা পুলিশের কাছে বিএসএফ হস্তান্তর করেন। এরপর মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মেঘালয়ের রাণীগড় নেয়া হয়।
বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. তছলিম এহসান বলেন, বিজিবির উপস্থিতিতে সব আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশ রাতেই ওই যুবকের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে।
এর আগে সোমবার ভোরে জাদুকাটা নদীতে শ্রমিকদের সঙ্গে কয়লা কুড়াতে যান সাইদুর। এরপর সকালে তার পরিবার জানতে পারেন সীমান্তের মেইন পিলার ১২০৩ থেকে প্রায় এক-দেড় কি.মি. ইন্ডিয়ার অভ্যন্তরে মেঘালয় রাজ্যের ঘোমাঘাট বিএসএসফ পোস্টের কাছে জাদুকাটা নদীর পূর্ব তীরে বালুচরে তার লাশ পড়ে রয়েছে। তবে কীভাবে সাইদুরের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি এবং বিএসএফের পোস্টের কাছেই কেনই বা লাশটি পড়ে রয়েছিল তাও স্পষ্ট নয়।

