আরও তিন দিন থাকবে তাপপ্রবাহ

আরও তিন দিন থাকবে তাপপ্রবাহ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৯:২০

আরও দুই থেকে তিন দিন একই রকম তাপপ্রবাহে পুড়বে দেশ। এরপর নামতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী রবিবার (২৮ মার্চ) ঢাকার আকাশে ঘন কালো মেঘ দেখা যেতে পারে। এছাড়া এপ্রিল মাস জুড়ে থেমে থেমে চলবে এই তাপপ্রবাহ, সঙ্গে থাকবে কালবৈশাখী ঝড়ও।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘এই তাপমাত্রা থাকবে আরও কয়েকদিন। এরপর ২৮/২৯ মার্চ এর দিকে ঝড়বৃষ্টি হতে পারে। এ সময় কমে আসবে তাপমাত্রা। এছাড়া আগামী মাসের তাপমাত্রাও এমনই থাকবে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছি যে, মাসের একটি সময়ে এসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে উঠতে পারে। সে সময় তীব্র তাপপ্রবাহ বিরাজ করবে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাপপ্রবাহ প্রবণ এলাকা ছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার (২৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুন্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ১। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩৪ দশমিক ৫, চট্টগ্রামে ৩৮ দশমিক ৭, সিলেটে ৩৬ দশমিক ৪, রাজশাহীতে ৩৬ দশমিক ৮, রংপুরে ৩৪ দশমিক ৩, খুলনায় ৩৭ দশমিক ২ এবং বরিশালে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার অব্যাহত থাকতে পারে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading