ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:৪৬
সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
রেল বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সোয়েব। তিনি জানান, রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম বলেন, রবিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তালশহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সোনারবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেওয়া হচ্ছে। এছাড়া ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানান ওসি।

