পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ৪ পোশাক কারখানা

পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ৪ পোশাক কারখানা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ মে, ২০২৬, আপডেট ১৩:৫৯

বাংলাদেশে নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে আরও ৪টি তৈরি পোশাক কারখানা। এতে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪টিতে।

সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৮৪টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ১২১টি, লিড গোল্ড ১৪৪টি, লিড সিলভার ১৫টি ও সার্টিফায়েড ৪টি।

সবুজ কারখানার নতুন সনদ পাওয়া কারখানাগুলো হলো- চট্টগ্রামের পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের ইউনিট-২, গাজীপুরের ওয়েলডোন অ্যাপারেল লিমিটেড, সাভারের এভারব্রাইট সোয়েটার লিমিটেড ও গাজীপুরের সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-মুমটেক্স।

এর মধ্যে পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের ইউনিট-২, এভারব্রাইট সোয়েটার লিমিটেড ও সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যথাক্রমে ৮৬, ৮৩ ও ৮৪ পয়েন্ট পেয়ে লিড প্লাটিনাম সনদ পেয়েছে। আর ওয়েলডোন অ্যাপারেল লিমিটেড ৭৫ পয়েন্ট পেয়ে লিড গোল্ড সনদ অর্জন করেছে।

উল্লেখ্য, আমেরিকার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading