ফের দুই দিনের রিমান্ডে জাপানি হান্নান

ফের দুই দিনের রিমান্ডে জাপানি হান্নান

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৫৫

রাজধানীতে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে দুই দিনের রিমান্ড আদেশ দেন।

গত ২৫ মার্চ এ মামলায় জাপানি হান্নানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই দিন জাপানি হান্নানের ছেলে-ভাইসহ সাতজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ২৮ মার্চ পুনরায় রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। তারা এখন কারাগারে আছেন। কারাগারে থাকা ওই সাতজন হলেন—হান্নানের ছেলে মো. ইকরামুল ইসলাম, ভাই শফিকুল ইসলাম ইমরান, আল-আমীন প্রধান, জহুরুল ইসলাম রিপন, খোরশেদ আলম, মো. মোশারফ হোসেন ও মো. নুরুন নবী।

এদিকে চার দিনের রিমান্ড শেষে জাপানি হান্নানকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান আসামির রিমান্ড প্রার্থনা করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট পীযূষ কান্তি রায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, ২৫ মার্চ অস্ত্র মামলায় জাপানি হান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে ওই মামলায় এখনও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ।

উল্লেখ্য, দক্ষিণখানের আশকোনা এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে গত ২৪ মার্চ দুপুরে জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুর রশিদকে গুলি করে হত্যা করেন জাপানি হান্নান। এতে ক্ষুব্ধ হয়ে হান্নানের গাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। আব্দুর রশিদকে হত‌্যার ঘটনায় তার ভাই হারুন অর রশিদ দক্ষিণখান থানায় জাপানি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আব্দুর রশিদ রাজধানীর আশকোনা এলাকার বাসিন্দা ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading