আবুল হায়াতের জন্য প্লাজমা পাওয়া গেছে
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ০৩:৪৫
করোনায় আক্রান্ত হয়ে বরেণ্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে কিংবদন্তি এই অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াতের জন্য প্লাজমা পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তার মেয়ে নাতাশা হায়াত।
নাতাশা জানান, তার বাবার জন্য ‘এ’ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন ছিল। সেজন্য তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। প্লাজমা পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বাবার জন্য দোয়া চেয়ে নাতাশা বলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
এর আগে এক পোস্টে নাতাশা হায়াত বলেন, ‘যারা তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চাচ্ছি। এ বিষয়ে মা (শিরীন হায়াত) কিংবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফোন না করে আপনারা আব্বু ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, ৩১ মার্চ রাত থেকে হাসপাতালে ভর্তি আবুল হায়াত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।

