নিউজিল্যান্ড সিরিজ ভুলে যেতে চান মাহমুদউল্লাহ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ০৫:০০
সিরিজের শেষ ম্যাচেও দাপট দেখালো নিউজিল্যান্ড। বাংলাদেশ পরাজয়ের বৃত্ত ভাঙতে পারলো না। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে শেষ ম্যাচ হেরেছে আরও বাজেভাবে। অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০ ওভারও ব্যাট করতে পারলো না টাইগাররা। এ ম্যাচে টাইগারদের বিবর্ণ পারফরম্যান্সে ৬৫ রানের বিশাল পরাজয়।
টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার পর অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, তিনি এই সিরিজ ভুলে যেতে চান। বৃহস্পতিবার অকল্যান্ডে ম্যাচ শেষে গণমাধ্যমে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
‘আমাদের এই সিরিজ থেকে কিছু বের করতে হবে যা নিয়ে আমরা পরের সিরিজের জন্য কাজ করতে পারবো। এবং অবশ্যই আমরা এই সিরিজটি ভুলতে চাইবো।‘
‘আমরা এখানে আগে এসেছি, নিজেদের প্রস্তুত করেছি, কুইন্সটাউনে ভালো একটি ক্যাম্প করেছি, ছেলেরা কঠোর পরিশ্রম করছিলো, জিমে কাজ করছিলো, কিন্তু আমরা মাঠে সেটি দেখাতে পারিনি। অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক।‘
মাহমুদউলাহ বলেন, ‘আপনি যখন ৭৬ রানে অল আউট হবেন, তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে না। আমার মনে হয় আমরা সিরিজজুড়ে আমাদের সেরা ক্রিকেট খেলিনি।‘
দ্রুত ঘুরে দাঁড়াতে চান টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও শেষ ম্যাচে ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। তার পরিবর্তে লিটন দাস নেতৃত্ব দিয়েছেন।
মাহমুদউল্লাহ বলেন, ‘খুবই হতাশাজনক সিরিজ আমাদের জন্য কিন্তু আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে কারণ আমাদের যেকোনো ফরম্যাটে কিছু জয় খুবই প্রয়োজন আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। আমার মনে হয় আমরা আত্মবিশ্বাস হারাচ্ছি হারের কারণে। যা পুরো দলকে প্রভাবিত করে।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
নিউজিল্যান্ড : ১৪১/৩ (১০ ওভার)
অ্যালেন ৭১, গাপটিল ৪৪, ফিলিপস ১৪
শরিফুল ২১/১, তাসকিন ২৪/১, মেহেদী ৩৪/১
বাংলাদেশ : ৭৬/১০ (৯.৩ ওভার)
নাঈম ১৯, মোসাদ্দেক ১৩, সৌম্য ১০
অ্যাসেল ১৩/৪, সাউদি ১৫/৩

