জাতীয় চলচ্চিত্র দিবস আজ
উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১০:৫৭
আজ ৩ এপ্রিল। জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১২ সাল থেকে আজকের এই দিনটি জাতীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। তবে করোনার সাধারণ ছুটির কারণে গত বছর বিএফডিসিতে পালিত হয়নি দিনটি।
এবারও প্রায় একই অবস্থা। খুবই সীমিত আকারে রাখা হয়েছে একটি অনুষ্ঠান। তবে সেখানে থাকবে না বাইরের দর্শক অথবা চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের সুযোগ। আয়োজনের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।
এছাড়া বিএফডিসির বাইরে (অনলাইনে) আরও একটি অনুষ্ঠান থাকছে বলেও জানা গেছে। জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ‘স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি’ শিরোনামে বিশেষ বক্তৃতার আয়োজন করেছে। অদ্রি হৃদয়েশের সঞ্চালনায় এতে অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা ও সংগঠনের সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনলাইন এই আয়োজনটি দেখা যাবে এই ঠিকানায়- https://www.facebook.com/Moviyana
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে (৩ এপ্রিল) তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।
প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসি রঙিন হয়ে হঠে। চলচ্চিত্রাঙ্গণের মানুষেরা নানা আয়োজনে পালন করে থাকেন দিনটি। কিন্তু এই বছর বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকপের কারণে চলচ্চিত্র দিবস সেভাবে পালিত হচ্ছে না।
প্রতিবছরই এফডিসিতে স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয় চলচ্চিত্র দিবসে। চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উৎযাপন করে দিবসটি। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিবসটি উদযাপন করে।

