আমাকে আরও সতর্ক থাকতে হবে : সাকিব
উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১১:৫৩
ইন্ডিয়ান সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ‘আমি কখনও কোনো বিতর্কে জড়াতে চাই না, অন্তত ইচ্ছাকৃতভাবে তো নয়ই। তবে হ্যাঁ, এগুলো আমার সাথে হয়ে যায়। আমি জানি আমাকে আরও সতর্ক থাকতে হবে। আসলে এখন এটা নিশ্চিত করা জরুরি যে আমি যেন আর কোনো বিতর্কে না জড়াই।’
বিতর্ক যেন কখনই পিছু ছাড়ে না সাকিব আল হাসানের। এ বিষয়ে সাকিবের নিজের অভিমত কী? তিনি পুরো বিষয়টিকে কীভাবে দেখেন? এ নিয়ে মন্তব্য করতে গিয়ে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান টাইমস অব ইন্ডিয়াকে এসব কথা বলেন।
সাকিবকে ঘিরে বিতর্ক নতুন নয়। একের পর এক বিতর্ক সৃষ্টি হচ্ছে তাকে নিয়ে। কিছুদিন আগেও নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সাকিব আল হাসান লিখেছিলেন, ‘ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে!’ মূলত একটি বিজ্ঞাপনের অংশ হিসেবেই ছিল সেই ছবিটি। তবে এর সঙ্গে মিল রেখে বলা যায়, ‘ইদানীং সাকিব যা-ই করছেন, সবই তুমুল আলোচিত হচ্ছে।’ শ্রীলঙ্কা সফরের সময় ছুটি নিয়ে আইপিএল খেলতে যাওয়ার কারণেও তুমুল সমালোচিত হয়েছেন সাকিব। পাশাপাশি তার ছুটি চাওয়ার বিষয়টি ঘিরেও সৃষ্টি হয়েছিল নানান বিতর্ক।
সবশেষ আইপিএলের অনাপত্তিপত্র বিষয়ক ঘটনাটি ‘অযথাই অনেক বড় হয়ে গেছে’ বলে মনে করেন সাকিব। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সাকিবের ভাষ্য, ‘(অনাপত্তিপত্রের বিষয়) চাইলেই এটা এড়ানো যেত। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই হয়েছে। আমি বিসিবির কর্মকর্তা, বিশেষ করে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই পুরো বিষয়টি ভালোভাবে সমাধান করায়।’
এসময় জাতীয় দলের সফর একপাশে রেখে আইপিএল খেলার সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘আইপিএলে খেলার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। আমি মনে করি, সেটা পুরোটাই কাজে লাগাতে পারব। আমার বিশ্বাস, আমি আরও ভালো কিছু নিতে পারব যা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকেই সাহায্য করবে।’

