উৎসবমুখর পরিবেশে চলছে নেতৃত্ব বাছাইয়ের ভোট
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৫:১৪
করোনাভাইরাস মহামারীর মধ্যে হোটেল র্যাডিসনে ও বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ে নির্ধারিত সময় সকাল ৯টায় রবিবার ( ৪ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে নেতৃত্ব বাছাইয়ের জন্য ভোট দিচ্ছেন দেশের তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যরা। ভোট শুরু হয়েছে সকাল ৯টায় চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া না গেলেও সম্মিলিত পরিষদের বিরুদ্ধে বহিরাগতদের এনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন ফোরামের প্রার্থীরা।
দুপুরে র্যাডিসন হোটেল এলাকায় দেখা যায়, হোটেলের উত্তরপ্রান্তে তৈরি করা প্রবেশপথে বাইরে সম্মিলিত পরিষদ ও ফোরামের অসংখ্য নেতাকর্মী ভিড় করছে। ভোটকেন্দ্রের বাইরে হোটেলের লবিতে শখানেক নেতাকর্মী ও সাংবাদিকের অবস্থান করছিল।
স্বাস্থ্যবিধি মানতে সবাই মাস্ক পরিধান করলেও কোনো ভোটার আসামাত্রই সেখানে জটলা পাকিয়ে হুমড়ি খেয়ে পড়ছেন প্রার্থীরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’। ঢাকা ও চট্টগ্রামে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তফসিল অনুযায়ী, ঢাকা অঞ্চলে ১ হাজার ৮৫৩ এবং চট্টগ্রাম অঞ্চলে ৪৬১ পোশাক কারখানা মালিক ভোট দেবেন। সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামের কেন্দ্রে ২৩৭টি এবং ঢাকায় দুই শতাধিক ভোট পড়েছে বলে নির্বাচনী বুথ থেকে ঘোষণা করা হয়।

