নজরদারিতে হেফাজত নেতা মামুনুল, যেকোনো সময় গ্রেফতার

নজরদারিতে হেফাজত নেতা মামুনুল, যেকোনো সময় গ্রেফতার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ০২:১০

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ও ঢাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

সূত্র জানায়, মামুনুল হককে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরাও তার গতিবিধি নজরদারি করছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মামলা হয়েছে। মামুনুল হককে গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হবে। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার অভিযান চালানো হবে।

এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় সংঘাত-নাশকতার ঘটনায় গত সোমবার রাতে মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করেন এক যুবলীগ নেতা।

এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুনুল হককে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে হেফাজত নেতাকর্মীদের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রয়্যাল রিসোর্ট ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানায় দুই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে দুটি ও হেফাজত নেতাকর্মীদের হামলায় আহত সাংবাদিক হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে। মোট আসামি করা হয়েছে ৫ শতাধিক ব্যক্তিকে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading