করোনা: দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১০:২০
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম সকাল থেকে সারাদেশে শুরু করা হয়েছে। কোভিড-১৯ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টায় শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের টিকাদান কেন্দ্র থেকে টিকা নেন জুনাইদ আহমেদ পলক।
আইসিটি প্রতিমন্ত্রী টিকা নেওয়ার একটা ভিডিও তার ফেসবুক পেজে শেয়ার করে বলেন, করোনাভাইরাস এর টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। প্রায় একঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত শারীরিক ভাবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি।
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, এই ১২টি মাস যে বৈশ্বিক মহামারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ়তা, সাহসিকতা এবং দূরদর্শিতা দিয়ে উনি এটা মোকাবেলার জন্য সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন এবং বিশ্বের প্রথম দিকেই আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। অনেক ধরনের অপপ্রচার ছিল, অনেক ধরনের ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে ভ্যাকসিন এর বিরুদ্ধে। আজকে দেশের জনগণ কিন্তু তারা এগিয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তারা গ্রহণ করেছে এবং আমরা করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজও আজকে গ্রহণ করতে পারলাম।
সবাইকে অনুরোধ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা ভ্যাক্সিন গ্রহণ করার সাথে সাথে আমরা যেন স্বাস্থ্যসুরক্ষা মেনে চলি এবং নিজেদেরকে নিরাপদ রাখি, পরিবারকে নিরাপদ রাখি এবং দেশকে নিরাপদ রাখার জন্য সবাইকে সহযোগিতা করি।
এর আগেও মন্ত্রী পরিষদের কনিষ্ঠতম সদস্য হিসেবে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন আইসিটি প্রতিমন্ত্রী।

