করোনা: ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ৭৮৯
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ০১:০০
ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় ভারতই এখন এক নম্বর।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। মারা গেছেন ৬৮৫ জন। ভারতে এখন ১২ লাখেরও বেশি মানুষের প্রতিদিন করোনা পরীক্ষা করা হচ্ছে।
প্রায় সব রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সব চেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে রাতে কারফিউ জারি করা হয়েছে। তাছাড়া প্রতি শুক্রবার রাত আটটা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত লকডাউনও থাকবে। লখনউ ও দিল্লিতেও রাতে কারফিউ জারি করা হয়েছে।
ভারতে মোট করোনা আক্রান্তের ৫৬ শতাংশই মহারাষ্ট্রে। পুণের অবস্থা খুবই খারাপ। সেখানে হাসপাতালে করোনা রোগীদের রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনী তাদের হাসপাতালের ২০টি বেড সাধারণ মানুষদের চিকিৎসার জন্য দিয়েছে।

