সেরামকে আইনি নোটিস অ্যাস্ট্রাজেনেকার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১৪:৫৫
টিকার চালান সময়মতো সরবরাহ করতে না পারায়, কোভিশিল্ড উৎপাদনে চুক্তিবদ্ধ সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে (এসআইআই) আইনি নোটিস পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। যা ইন্ডিয়ার গণমাধ্যম জানিয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকাটি বাজারজাত করছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তারা সেরামকে দিয়ে টিকা তৈরি করাচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা এক সাক্ষাৎকারে বলেন, “অ্যাস্ট্রাজেনেকা আমাদের একটি আইনি নোটিস পাঠিয়েছে (টিকা সরবরাহে দেরির কারণে) এবং আর ভারত সরকার বিষয়টি সম্পর্কে জানে।”
মঙ্গলবার (৬ এপ্রিল) ইন্ডিয়ার বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আইনি নোটিসের বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না, কারণ এর সঙ্গে গোপনীয়তার নীতি জড়িত। তবে সদ্ভাব বজায় রেখে বিষয়টি সুরাহা করার জন্য আমরা সম্ভাব্য সব পথই বিবেচনা করে দেখছি।”
তিনি জানান, অন্য দেশে টিকা রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের স্থগিতাদেশ এবং ভারত সরকারের সঙ্গে তাদের ‘প্রথম দাবি’ বিষয়ক চুক্তির কারণে টিকা সরবরাহে দেরি হচ্ছে এবং বিষয়টি বিদেশিদের কাছে ব্যাখ্যা করাটাও দুরূহ, যে বাজারে তারা বেশি দামে এই টিকা বিক্রি করছেন।
পূনাওয়ালা বলেন, “বিদেশে টিকা রপ্তানির চুক্তি পূরণের আইনি জটিলতা মীমাংসার চেষ্টা চলছে। সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার বাজারে প্রথমে টিকা সরবরাহে অগ্রাধিকার দিতে গিয়ে সময়মতো অন্য দেশে টিকার চালান পাঠাতে পারছে না। তবে এ পর্যন্ত সবপক্ষই পরিস্থিতি বুঝতে চেষ্টা করেছে। ইন্ডিয়ার সরকারও এই জটিলতা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটা পর্যালোচনা করে দেখছে।”

