৫ দিনের সফরে ঢাকায় ইন্ডিয়ার সেনাপ্রধান
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:০৫
ঢাকায় এসেছেন ইন্ডিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। মূলত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে তার এ ৫ দিনের সফর।
ইন্ডিয়ার হাইকমিশন জানায়, এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী বীণা নরভানে। ঢাকায় পৌঁছে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সেনাপ্রধান। এই সফরে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমানবাহিনীপ্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।
সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন— শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

