রমজানের শুরুতেই সবজির বাজারে ঊর্ধ্বগতি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ২০:৫৫
করোনা মহামারির মাঝেও সারা বিশ্বজুড়েই মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের আনন্দের মহিমায় উজ্জীবিত। কিন্তু মঙ্গলবার ঢাকার সবজির বাজারগুলোতে প্রায় সকল সবজির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রাজধানীবাসীর রমজানের আনন্দে ভাটা ফেলেছে।
করোনার আঘাতে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতির প্রভাব রাজধানীবাসীর মধ্যেও পড়েছে। নগরবাসীর অর্থনৈতিক টানাপোড়নের মধ্যেই গত সপ্তাহে বেড়েছে বেগুন, শসা, করলা, ঢেড়স, ধুন্দুল, গাজর, পটল, মরিচসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সকল সবজির দাম।
বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সরকারকেই দায়ী করছেন ঢাকার বাসিন্দারা। এদিকে বিক্রেতাদের দাবি, করোনার কারণে বাজারে পর্যাপ্ত পণ্যের সরবরাহের অভাব এবং রমজানের কারণে চাহিদা বৃদ্ধি পাওয়া এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বাজাগুলো সরেজমিনে ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৭০-৮০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৭০ টাকা, ঢেড়স প্রতি কেজি ৬০-৭০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০-৬৫ টাকা এবং বরবটি প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য মতে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের সোমবার বাজারে আলু ১০.৫৩ শতাংশ, পেয়াজ ৪ শতাংশ, রসুন ১৪.২৯ শতাংশ, শুকনা মরিচ দেশি ১১.১১ শতাংশ ও আমদানিকৃত ৩.৮৫ শতাংশ, আদা ২৯.১১ শতাংশ ও এক হালি ডিম ৬.৯০ শতাংশ হারে দাম বৃদ্ধি হয়েছে।
আবার গতকাল রাজধানী বাজারগুলোতে উন্নতমানের চাল কেজি প্রতি ৬০-৬৫ টাকা, মাঝারি মানের চাল কেজি প্রতি ৫২-৬০ টাকা এবং মোটা চাল কেজি প্রতি ৪৬-৫২ টাকা দরে বিক্রি হয়েছে। এর পাশাপাশি, আটা কেজি প্রতি ৪০-৪৫ টাকা এবং খোলা সয়াবিন কেজি প্রতি ১২২-১২৫ টাকা দের বিক্রি হয় রাজধানীর বাজারগুলোতে।
উল্লেখ্য যে, রবিবার বাণিজ্যমন্ত্রী একটি অনলাইন সভায় জানান, রমজান উপলক্ষে দেশে প্রতি কেজি চিনিতে ৩ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে পুনঃনির্ধারিত মূল্য অনুযায়ী বর্তমানে প্রতি কেজি প্যাকেটজাত এবং খোলা চিনি বিক্রি হবে যথাক্রমে ৬৮ টাকা এবং ৬৩ টাকা দরে।
মঙ্গলবার রাজধানীর বাজারগুলোতে আসা ক্রেতারা জানান, গতকালের (সোমবার) তুলনায় আজ প্রায় প্রতিটি সবজিতেই কেজি প্রতি ২০-৩০ টাকা বেশি দাম দিতে হচ্ছে। এ সময় ক্রেতারা বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সরকারের সংশ্লিষ্ট মহলকে দোষারোপ করেন।

