‘স্বাস্থ্যবিধি তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে’
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১০:৩০
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, স্বাস্থ্যবিধি তদারকি এবং মশার লার্ভার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধায় রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে করোনাভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত “সর্বাত্মক লকডাউন” বাস্তবায়ন এবং করপোরেশনের জরুরী সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভায় তিনি এই কথা বলেন।
কর্পোরেশন প্রদত্ত অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে মেয়র বলেন, “আমাদের স্বাস্থ্য সেবার মধ্যে যে কার্যক্রম রয়েছে, সেগুলো চলমান থাকবে। আমাদের নগর স্বাস্থ্য কেন্দ্র ও আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাধ্যমে শিশুদের জন্য যে ইপিআই টিকা প্রদান করা হয়, সেগুলো চলমান থাকবে। মায়েদের জন্য যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় তাও চলমান থাকবে।”
এডিস মশার লার্ভা এবং লকডাউনে স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ প্রয়োগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ (আনিক) ও সম্পত্তি বিভাগের মাধ্যমে দশটি অঞ্চলে ডেঙ্গুর লার্ভা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এই বিধিনিষেধগুলো (লকডাউনের বিধিনিষেধ) যাতে বাস্তবায়ন হয়, পরিপালন হয়, বাজারগুলো যাতে তিনটার মধ্যে বন্ধ হয়ে যায়, সকাল ৯টার আগে না খোলা – এগুলো সবকিছুই তারা (আনিক ও সম্পত্তি বিভাগ) তদারকি করবে, পরিচালিত করবে।
তাপস বলেন, এই করোনা মহামারীতে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য আমাদের মহানগর জেনারেল হাসপাতাল প্রস্তুত রয়েছে। সেখানে করোনা পরীক্ষা করা হয় এবং তার সাথে সাথে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়। এছাড়াও মহানগর শিশু হাসপাতালে করোনা টিকা প্রদান চলমান থাকবে। একইসাথে আমাদের যে পাঁচটি নগর মাতৃসদন রয়েছে সেখানেও টিকার প্রদান কার্যক্রম চলমান থাকবে। সুতরাং আমি ঢাকাবাসীর প্রতি অনুরোধ করব, আপনাদের যার যখন বার্তা চলে আসবে, আপনারা সাথে সাথে টিকা গ্রহণ করবেন।

