নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১১
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ১০:৩৫
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদের পাশের একটি তিনতলা বাড়িতে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকায় মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে স্থানীয় মফিজুল ইসলামের তিন তলা বাড়ির তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বাড়ির তৃতীয় তলায় গার্মেন্টস শ্রমিক কয়েকটি পরিবার বসবাস করে। রাতে একটি পরিবারের লোকজন চূলার বার্নার বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে জমাট বেঁধে থাকে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

