ইরাকে করোনা হাসপাতালে আগুন: নিহত ৮২, আহত ১১০

ইরাকে করোনা হাসপাতালে আগুন: নিহত ৮২, আহত ১১০

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | আপডেট ২০:৩০

ইরাকের রাজধানী বাগদাদের একটি করোনা হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ থেকে আগুন লেগে কমপক্ষে ৮২ জন নিহত হয়েছে। এতে আরও ১১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) রাতে (ইরাকের স্থানীয় সময়) ইবনে খাতিব হাসপাতালের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল খাদিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন যে, হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) আগুনের সূত্রপাত হয়। রববার ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এই ঘটনাকে “মর্মান্তিক দুর্ঘটনা” বলে উল্লেখ করেছেন। এই দুর্ঘটনার কারণ জানতে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাগদাদের গভর্নর মোহাম্মেদ জাবেরও প্রধানমন্ত্রীর মতো একই সুরে কথা বলেছেন। এ ঘটনায় “কাউকে আইনের আওতায় আনার” দরকার আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে সরকারের মানবাধিকার কমিশন এই ঘটনাকে “এরইমধ্যে কোভিড-১৯ এ বিপর্যস্ত রোগীদের বিরুদ্ধে অপরাধ” হিসেবে উল্লেখ করেছে।

বার্তা সংস্থা এএফপিকে হাসপাতালের এক সূত্র জানায়, নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রায় ৩০ জন রোগী ছিলেন। কোভিড-১৯ গুরুতর আক্রান্তদের জন্য ওই ইউনিটটি সংরক্ষিত ছিল। আহত এবং অন্য রোগী যারা আহত হননি তাদেরকে অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading