‘সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-শপিংমল’
উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | আপডেট ২০:০০
সারাদেশের দোকানপাট-শপিংমল, মার্কেট বিকাল ৫টার পরিবর্তে রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, “এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা তার কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।”
রবিবার (২৫ এপ্রিল) হেলাল উদ্দিন এ তথ্য জানান।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বাসসকে বলেন, ‘সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে সিদ্ধান্ত ছিল, তা পরিবর্তন হয়ে আজ থেকেই রাত ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।আমি এমনটা জেনেছি। তবে এখনও কোনো প্রজ্ঞাপন আসেনি।’
চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে রবিবার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা জানিয়েছে ডিএমপি।
এর আগে সরকারের পক্ষ থেকে আজ থেকে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

