‘জনগণকে বাঁচাতে যেখান থেকে পারে ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার’
উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ১৩:৩০
করোনার ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই, জনগণকে বাঁচাতে হলে যেখান থেকে পারে সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৮ এপ্রিল) বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার অভিন্ন শত্রু করোনাকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
যারা ১৯৭৫’এর নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন, তারাও কিন্তু রেহাই পায়নি, হত্যা হত্যাকেই ডেকে আনে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না।’
জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘যে যেই দলই করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশে বলেন, ‘হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন।’

