দেশকে উন্নতির পথ দেখাবে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা: পরিবেশ মন্ত্রী

দেশকে উন্নতির পথ দেখাবে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা: পরিবেশ মন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ২৩:৩০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, সিভিএফ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রণীত মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দেশকে সামগ্রিক সমৃদ্ধির পথ দেখাবে। এই ফ্লাগশিপ প্রকল্পটি সবুজ প্রকৃতি ভিত্তিক সমাধান এবং করোনাভাইরাস সংকট পরবর্তী প্রভাব মোকাবেলায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শাহাব উদ্দিন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে তাঁর রাজধানীর সরকারী বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জিসিএ , সিভিএফ এবং ভি ২০ ব্রিফিং অ্যান্ড রিপোর্টিং সেশন উইথ দ্য মিনিস্টার্স’ শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, সরকার জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কারণ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা দেশের জন্য বেঁচে থাকার লড়াই।

তিনি বলেন, সরকার অসংখ্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন অভিযোজনে বিশ্বব্যাপী এক রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এ লক্ষ্যে আমরা ইতোমধ্যে সারাদেশে ১১ দশমিক ৫ মিলিয়ন গাছের চারা রোপণ করেছি।
তিনি আরো বলেন, পররাষ্ট্র, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের সহযোগিতায় জলবায়ু সংকট মোকাবেলায় সরকার বাংলাদেশ সফল হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল, পররাষ্ট্র মন্ত্রী ডা. এ. কে. আবদুল মোমেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জলবায়ু ক্ষতিগ্রস্থ ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পরিবেশ সচিব জিয়াউল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. প্যাট্রিক ভেরকুইজেন, বিশেষজ্ঞ উপদেষ্টা গ্রুপের সিভিএফ চেয়ারম্যান ড. সলিমুল হক, জিসিএ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ও সিভিএফর ফোকাল পয়েন্ট আহমদ শামীম আল রাজি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান এবং সিভিএফ ও ভি ২০ প্রোগ্রাম হেড ম্যাথিউ ম্যাককিনন বক্তব্য রাখেন।

সভায় দেশী ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সিভিএফ, ভি ২০, জিসিএ এবং জলবায়ু কূটনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নিজ নিজ অবস্থান থেকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading