আইন অনুযায়ী হেফাজত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: নওফেল

আইন অনুযায়ী হেফাজত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: নওফেল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ২৩:৫৫

দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘বিএনপি-জামায়াত এবং হেফাজতে ইসলামের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো চক্রান্ত যেন সফল না হয়, সে জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি দেশের সকল মানুষকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের ওপর সাধারণ মানুষের আস্থা আছে। সেই আস্থা ধরে রাখতে হবে।’

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে ইফতার সামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল এ সব কথা বলেন।

উপমন্ত্রী নওফেল বলেন, ‘দুর্যোগের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তখন বিএনপি-জামায়াত আর হেফাজতে ইসলাম মিলে ক্ষমতা পরিবর্তনের খেলায় মেতেছে। কিছু এতিম শিশুকে ভুল বুঝিয়ে হাতে লাঠি দিয়ে সংঘাতে নামিয়ে দিয়েছে। তারা কওমি মাদরাসার ছাত্রদের মাধ্যমে সংঘাতের পরিস্থিতি তৈরি করে সরকারকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল।’

উপমন্ত্রী নওফেল বলেন, ‘করোনা ছোবলের প্রথম ঢেউয়ের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বের কারণে জীবন ও জীবিকার চাকা সচল ছিল। দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও প্রধানমন্ত্রী একইভাবে জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। জাতির এই সংকটময় মুহূর্তে কর্মহীন, অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিপুল অর্থ সহযোগিতা সরকার দিচ্ছে। তবে আমরা যারা শেখ হাসিনার অনুসারী নেতাকর্মী, আমাদেরও মানুষের পাশে দাঁড়াতে হবে। অভাবে পড়া মানুষের পাশে আমাদের নেতাকর্মীরা প্রতিদিন ইফতার বিতরণ করে যাচ্ছে। এভাবে সহযোগিতার মনোভাব নিয়ে মানুষের পাশে থাকতে হবে।’

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ঘোষিত লকডাউনের মধ্যে অভাবে পড়া মানুষদের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading