ঘুর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় পিরোজপুরে ৫৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৩:৩০
পিরোজপুরে আসন্ন ঘুর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জেলায় ৫৫৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২৩৫টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৩২২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
জেলার ৭ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা রবিবার (২৩ মে) উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটি সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে শনিবার (২২ মে) পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা দুূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সিভিল সার্জন ডা. মোঃ হাসনাত ইউসুফ জাকী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার হাওলাদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ চিন্ময় রায়, ফায়ার সার্ভিস এর উপপরিচালক আব্দুল মালেক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারীসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, হতাহতের সংখ্যা শূন্যের কোঠায় রাখার লক্ষ্যে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে প্রতিটি ইউনিয়নে তাৎক্ষণিক আর্থিক সাহায্য দেয়ার জন্য আড়াই লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
এছাড়া গোখাদ্য ও শিশু খাদ্যের জন্য সরকারি বরাদ্দ রয়েছে। উপকূলীয় এলাকায় সতর্কবার্তা জারী করার কার্যক্রম চলছে। প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠনেরও প্রস্তুতি চলছে। সিভিল সার্জন জানান ,এ জেলায় আইভি এবং স্যালাইন যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে।
সভায় অংশগ্রহণকারী বিভিন্নজন বলেন, যেহেতু ঘুর্ণিঝড়টি পূর্নিমার জো এর দিন উপকূল অতিক্রম করবে তাই জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য সম্ভাব্য সবকিছু করতে হবে।

