মির্জা ফখরুলের মন্তব্য: নির্ভয়ে কাজ করার জন্য সাংবাদিকদের ঐক্য প্রয়োজন
উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৭:৫৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, সাংবাদিকদের মধ্যে ‘অনৈক্য আছে’ বলেই দেশে রোজিনা ইসলামের গ্রেপ্তারের মত ঘটনা ঘটছে। রবিবার (২২ মে) রোজিনার জামিন আদেশের পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ফরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি আগেও বলেছি, আজকেও বলছি, আপনাদের দুর্বলতার জন্য এগুলো হচ্ছে। আপনারা নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারছেন না। “সেই কারণে আজকে এটা হচ্ছে, এটা আপনাদের নিজেদেরও অনুধাবন করা উচিত। নির্ভয়ে কাজ করার জন্য আপনাদের ঐক্য প্রয়োজন।”
রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।
রবিবার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার একজন মহানগর হাকিম পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।
রোজিনার জামিন হতে ছয় দিন সময় লাগার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, “কার কাছ থেকে নির্দেশ আসে? তার জন্য অপেক্ষা করতে করতে আপনি জামিন দিলেন এই শর্তে যে, বিদেশে যেতে পারবে না এবং পাঁচ হাজার টাকা জামানত। কেন বিদেশ যেতে পারবে না? এই রায় অবশ্যই ফরমায়েশি বলে আমরা মনে করি।”

