ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ | সোমবার, ৩১ মে ২০২১ | আপডেট ০৯:৪০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত পরিচয়ের (৪০) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদের ভিতরে পুরাতন পরিত্যাক্ত এলজিইডি ভবনের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার (৩১ মে) সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে নবীনগর উপজেলা পরিষদের ভিতরে পুরাতন পরিত্যাক্ত এলজিইডি ভবনের বারান্দায় মৃত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এসআই আরও জানান, মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেন। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে।
মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

