রাজধানীতে ভারী বৃষ্টিতে হাঁটু পানি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১০:৫৫
রাজধানীতে ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেই সব এলাকাবাসী। সকালের ভারী বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। সকালে শংকর এলাকায় দেখা গেছে, বৃষ্টিতে জমা হাটু পানি পেরিয়ে অফিসে যাচ্ছেন অনেকে।
মঙ্গলবার (১ জুন) সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গাজীপুরে ভোর ৪টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যেটা চলে প্রায় চার ঘণ্টা। সঙ্গে চলে বজ্রপাত। গাজীপুরে এখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে অধিকাংশ রাস্তায়ই হাঁটু পানি জমে গেছে।
আবিদ হোসেন নামে এক অফিসগামী যাত্রী বলেন, ‘শংকর টাঙ্গাইল হাউজ এলাকার বাসা থেকে বৃষ্টির মধ্যোই বের হই। সকাল ৮টায় অফিস। বাসা থেকে বের হয়ে পানির জন্য রিকশার জন্য ৩০ মিনিট দাঁড়িয়ে তাঁর পরও রিক্সা পাওয়া যাচ্ছে না। আর রিক্সা ভাড়া চাচ্ছে ৩ গুন। ভারী বৃষ্টির কারণে পুরো ভিজে গেছি।’
মিরপুর কালশী রোড: কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে ডুবে গেছে মিরপুরের কালশী রোড। এখানকার সাংবাদিক আবাসিক এলাকার পুরোটাই পানিতে থৈ থৈ করছে। হাঁটু জলে ডুবে গেছে রাস্তা। প্রায় প্রতিটি বাসার নিচতলায় পানি প্রবেশ করেছে। বাসা থেকে বের হওয়ার উপায় নেই। পেছনের কয়েকমাস ধরে কালশী রাস্তায় ফ্লাইওভার নির্মাণ, নতুন করে ড্রেন তৈরি এবং রাস্তা সংস্কারের কাজ চলছে। ঈদের পর থেকে এই নির্মাণ কাজও স্থগিত হয়ে আছে। সামান্য বৃষ্টিতে এখানে পানি জমে। আর মঙ্গলবার সকালের টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পুরো এলাকায় যেন পানির নিচে চলে গেছে। সকালে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। কোন যানবাহন নেই, এমনকি রিক্সার চলাচলও বন্ধ হয়ে যায়। সকালে পোশাক শ্রমিকরা বৃষ্টির পানিতে ভিজে হাঁটু জল ঠেলে কারখানায় রওয়ানা হন।
উত্তরা: মধ্য রাত থেকে উত্তরায় ভারী বৃষ্টি শুরু হয়। কিছু সময় বিরতি দিয়ে আবার ভোর থেকে সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আব্দুল্লাহপুর, উত্তরায় রাস্তায় পানি জমে যাওয়ায় অফিসগামী লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।
সকালেও ভারী বৃষ্টি থাকায় অফিসগামী মানুষ বিপাকে পড়েন। সকালে অনেককেই গণপরিবহনসহ যানবাহনের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ গাড়িতে উঠতে পারলেও বাকিরা উপায় না দেখে হেঁটেই নিজ নিজ গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

