বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ৩৩ হাজার ২৭৪ কোটি টাকা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৩:৪০
একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন ২ জুন (বুধবার) বিকেল ৫টায় শুরু হবে। ৩ জুন ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাভাইরাসের প্রকোপের কারণে আগামী অর্থবছরে স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যখাতে গত বছরের তুলনায় এবার বরাদ্দ বাড়াচ্ছে সরকার।
সংসদ সচিবালয় জানায়, আগামী ২০২১-২২ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বরাদ্দ বাড়ানো হচ্ছে। চলতি অর্থ বছরের বাজেটে সম্ভাব্য ২৯ হাজার ২৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৩ হাজার কোটি টাকার মতো বেশি। করোনা ভ্যাকসিনসহ বাজেটে বরাদ্দ বাড়ছে প্রায় ৪ হাজার কোটি টাকা। ভ্যাকসিনসহ সার্বিক অবস্থা বিবেচনায় এই হিসাবে বরাদ্দের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩৩ হাজার ২৭৪ কোটি টাকা। এরমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ থাকবে ২৬ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে রয়েছে ২২ হাজার ৯৫৩ কোটি টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য দেওয়া হবে ৭ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে রয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।
২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে প্রস্তাবিত মোট বাজেটের ৫ দশমিক ২ শতাংশ অর্থাৎ ২৯ হাজার ২৪৭ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ ছিল ২৫ হাজার ৭৩২ কোটি টাকা। আর ২০১৮-১৯ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ২২ হাজার ৩৩৬ কোটি টাকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাজেটে করোনা ভ্যাকসিন, চিকিৎসা সেবা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে আমাদের বাজেট জিডিপির মাত্র ০.৯ শতাংশ। আমরা কাজ করছি জিডিপিকে ৯/১০ শতাংশে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে খুবই আন্তরিক। বর্তমানে তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

