সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১৫:৫১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২ জুন) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন টাকার অংকে লেনদেনও বেড়েছে। বুধবার ডিএসইতে দুই হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এছাড়াও ডিএসইতে আগের দিন থেকে ৩৮৩ কোটি ৮০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুন) লেনদেন হয়েছিল এক হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকার।
বুধবার ডিএসইতে মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। সিএসই সূত্রে জানা গেছে, সিএসইতে মোট ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। এছাড়াও সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৭ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ১২ লাখ টাকার শেয়ার।

