৩০০ ছাড়িয়ে প্রথম দিন শেষ বাংলাদেশের

৩০০ ছাড়িয়ে প্রথম দিন শেষ বাংলাদেশের

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৮ মে) ২০২৬, আপডেট ২৩:৫৫

মিরপুরে পাকিস্তান বোলারদের শাসন করে প্রথম দিনটি রাঙিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস হেরে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও অধিনায়ক শান্তর সেঞ্চুরি এবং মুমিনুলের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের মজবুত ভিত পেয়েছে লাল-সবুজের দল। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৪ ওভারে ৪ উইকেটে ৩০১ রান।

দলীয় ১৮ ও ৩৬ রানে দুই ওপেনারকে হারানোর পর উইকেটে এসে পাল্টা আক্রমণ শুরু করেন নাজমুল হোসেন শান্ত। মুমিনুল হককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ১৭০ রানের এক জুটি। শান্ত ১২৯ বলে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি পূর্ণ করে ১০১ রানে বিদায় নেন। অন্যদিকে, মুমিনুল হক ৯ রানের আক্ষেপ নিয়ে ৯১ রানে সাজঘরে ফেরেন। ২০০ বল খেলে সাজানো তার এই ইনিংসটি বাংলাদেশের বড় সংগ্রহের মূল ভিত ছিল।

দুই থিতু হওয়া ব্যাটার ফিরে গেলেও দিনের শেষ সেশনে বাংলাদেশকে আর বিপদে পড়তে দেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ইনিংসের ৮৪তম ওভারে মোহাম্মদ আব্বাসের বলে থার্ড ম্যান দিয়ে চার মেরে দলীয় স্কোর তিন শ পার করেন মুশফিক। আলোকস্বল্পতার কারণে দিনের ৫ ওভার বাকি থাকতেই খেলা শেষ ঘোষণা করার সময় মুশফিক ৪৮ ও লিটন ৮ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী।

অধিনায়ক শান্তর দেওয়া ‘৪০০ রানের’ লক্ষ্য ছোঁয়ার খুব কাছে দাঁড়িয়ে বাংলাদেশ। হাতে এখনও ৬ উইকেট থাকায় কাল সকালে সেই মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা। মুশফিকুর রহিম এবং লিটনের ব্যাটের দিকেই এখন তাকিয়ে থাকবে মিরপুরের গ্যালারি।

নার্ভাস নাইনটিজের শিকার মুমিনুল: শান্তর পর প্রথম দিনেই দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় ছিল মিরপুর। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ালেন পাকিস্তানের স্পিনার নোমান আলী। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা মুমিনুল হক ব্যক্তিগত ৯১ রানে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছেড়েছেন। এতে ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। আউট হওয়ার আগে ২০০ বল মোকাবেলা করেন তিনি। ১০টি চারের মারে সাজানো ছিল তার এই ইনিংস।

মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭৭ রান। এখন উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গী হয়েছেন লিটন কুমার দাস।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading