কোরবানি ঈদে দেখা যাবে শাকিব খানের ‘বিদ্রোহী’
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১৯:১০
কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজে মুক্তি পাবে ঢালিউড কিংখ্যাত শাকিব খানের চলচ্চিত্র ‘বিদ্রোহী’। চলমান করোনা মহামারীর কারণে সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও ছবি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই এবার ছবিটি অ্যাপে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। খবরটি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সেলিম খান
জানা যায়, প্রায় দেড় বছর সেন্সর ছাড়পত্র হাতে নিয়ে বসে আছেন প্রযোজক সেলিম খান।
এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘সিনেমাটির বাজেট সব মিলিয়ে চার কোটি টাকা। সেই টাকা ঘরে তুলতে কত টাকা টিকিট নির্ধারণ করা হবে সে নিয়ে আলোচনা চলছে। শিগগিরই জানা যাবে অ্যাপে ‘বিদ্রোহী’ দেখতে কত গুনতে হবে দর্শককে।’
প্রযোজক সেলিম খান বলেন, গত বছরের রোজার ঈদ থেকে এ বছরের রোজার ঈদ পর্যন্ত তিনটি ঈদ চলে গিয়েছে। চাইলেও ছবিটি সিনেমা হলে মুক্তি দিতে পারছি না। কারণ সিনেমা হল বন্ধ। কখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, হলে দর্শক সমাগম হবে সেটা নিশ্চিত নয়। তাই অ্যাপেই এটি মুক্তি দেবো। আর যদি কোরবানি ঈদের সময় হল খোলা পাওয়া যায়, সব অনুকূলে থাকে তাহলে সিনেমা হল নিয়েও চিন্তা করবো।’
‘বিদ্রোহী’ সিনেমাটিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। নতুন নায়িকা হিসেবে অভিষিক্ত হবেন সুচিস্মিতা মৃদুলা। এছাড়া সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

