বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২২:২০
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের কথা জানিয়েছিল দেশটির পুলিশ। প্রায় চার মাস পার হলেও এখনও তাকে দেশে আনা যায়নি। তার বর্তমান অবস্থান জানতে গতকাল বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) ই–মেইলে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ।
ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে চিঠিটি পাঠানো হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
ইন্টারপোলের প্রতিটি সদস্য দেশে একটি করে নিজস্ব কার্যালয় থাকে; যাকে এনসিবি বলা হয়। ইন্টারপোলের প্রতিটি সদস্য দেশের নিজস্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইন্টারপোলের মূল কার্যালয়ের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম এনসিবি। ঢাকায় এর মূল কার্যালয় পুলিশ সদরদপ্তরে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাবেক আইজিপি অবস্থানের ব্যাপারে জানতে এনসিবির মাধ্যমে একটি চিঠি আমরা বুধবার পাঠিয়েছি। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
কী প্রেক্ষাপটে আবার চিঠি দেওয়া হয়েছে- এই প্রশ্নের জবাবে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, কেউ কেউ বলছে, সাবেক আইজিপি দুবাই ত্যাগ করেছেন। তাই, আমরা বিষয়টি নিয়ে জানতে চেয়েছি।
জুনে দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার প্রসঙ্গে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হবে।
ইউডি/এবি

