সিলেটে ট্রিপল মার্ডার: দা বা বটি দিয়ে কুপিয়ে খুন
উত্তরদক্ষিণ| বুধবার, ১৬ জুন ২০২১| আপডেট ১৩:০০
ঘরের এক কোনায় বিছানার উপর পড়ে ছিলো তিন বছরের শিশু আনিছার, মা আলিমা বেগম ও শিশুছেলে মিজান (৯) এর লাশ। মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলো হিফজুর রহমান। বুধবার (১৬ জুন) সকালে সিলেটের গোয়াইনঘাটে ঘর থেকে ছেলে-মেয়েসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবেশীরা জানান, ঘুম থেকে উঠতে দেরি দেখে তারা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙ্গানীর শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ভেতরে প্রবেশ করে চার জনকেই রক্তাক্ত দেখে পুলিশ খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ গিয়ে তিন জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত হিফজুরকে হাসপাতালে পাঠায়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দা বা বটি দিয়ে কুপিয়েকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আহত হিফজুর রহমানের শরীরেও কোপানোর দাগ রয়েছে। তার মেয়ে আনিছার মাথায় আঘাতের চিহৃ রয়েছে।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড- তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ কাজ করছে।

