‘ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ত্ব-হা’
উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ২০:০০
আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হননি, ব্যক্তিগত কারণে গাইবান্ধায় তার বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের উপকমিশনার আবু মারুফ হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
আবু ত্ব-হা ও তার সঙ্গীদের অনুরোধে এখনই তাদের আত্মগোপনের সেই কারণ পুলিশ প্রকাশ করেনি।
উপকমিশনার আবু মারুফ হাসান বলেন, ঘটনার দিন, অর্থাৎ তথাকথিত নিখোঁজ হওয়ার দিন আবু ত্ব-হা গাবতলী থেকে গাইবান্ধা চলে যান। সেখানেই এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন। শুক্রবার তিনি রংপুরে আবহাওয়া অফিস মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে আসেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি আমাদের হেফাজতেই আছেন।
‘আমরা প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি, ব্যক্তিগত কিছু কারণে তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। যেহেতু ব্যক্তিগত কারণ, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা সেটি প্রকাশ করছি না। তবে ত্ব-হা আমাদের জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো অপরধ ঘটেনি। তারপরও আমরা সব ধরনের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেব’ বলেন পুলিশের এই কর্মকর্তা।
উপকমিশনার ব্রিফিংয়ে বলেন, তিনি শ্বশুরবাড়িতে আছেন জানার পর আমরা তাকে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার সঙ্গী আমির উদ্দিনের সন্ধান আমরা পেয়েছি, তাকে নিয়ে আসা হয়েছে। আরেক সঙ্গী আব্দুল মুহিত, তার বাড়ি মিঠাপুকুরের জায়গীরহাট এলাকায়। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। চতুর্থ যে ব্যক্তি মোহাম্মদ ফিরোজ, তার বাড়ি বগুড়ায়। সেখানেও সংশ্লিষ্ট থানার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাকেও সংশ্লিষ্ট থানা নিয়ে আসবে। সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের যে আইনি প্রক্রিয়া, আমরা সেটি অনুসরণ করব। নিয়ম অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে উপস্থাপন করা হবে। সেখানে তারা যে বক্তব্য বা জবানবন্দি দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আবু ত্ব-হা’কে তার রংপুর নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ায় শ্বশুর আজহারুল ইসলাম মণ্ডলের বাড়িতে ঢুকতে দেখেন প্রতিবেশীরা। পরে সেখান থেকে বিকেল পৌনে ৩টার দিকে তাকে নেওয়া হয় কোতোয়ালি থানায়। পরে সেখান থকে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এরপর আর পুলিশ গণমাধ্যমের কাউকে ভেতরে ঢুকতে দেয়নি।
প্রসঙ্গত, গত ১০ জুন থেকে আবু ত্ব-হা, তার দুই সঙ্গী আব্দুল মুহিত ও মোহাম্মদ ফিরোজ এবং গাড়িচালক আমির উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিল তাদের পরিবার। শুক্রবার জানা যায়, ত্ব-হা তার রংপুরের বাড়িতে ফিরেছেন। দুপুরে তাকে রংপুরে আবহাওয়া অফিস মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে দেখা যায়। এরপর তাকে প্রথমে রংপুর কোতোয়ালি থানা ও পরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

