পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরায় লেনদেন ও মূলধন বেড়েছে: সালমান এফ রহমান

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরায় লেনদেন ও মূলধন বেড়েছে: সালমান এফ রহমান

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১৬:৩২

দেশের পুঁজিবাজারের ভবিষ্যৎ ভালো উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নতুন কমিশন বাজারের জন্য বেশ কাজ করছে। তারা দায়িত্ব নেওয়ার পর গত এক বছর ধরে বাজারের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। ফলে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে। একইসঙ্গে ইক্যুইটি ভিত্তিক মার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সবমিলিয়ে পুঁজিবাজারের ভবিষ্যৎ ভালো দেখছি।

শনিবার (১৯ জুন) ‘বাজেট পরবর্তী আলোচনা ও শেয়ারবাজারের উন্নয়ন চিত্র’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ‌্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ওয়েবিনারের আয়োজন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

বাজেটের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আজকের আলোচনায় চূড়ান্ত বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহার ব্যবধান বাড়ানো, লভ্যাংশে দ্বৈত করহার প্রত্যাহার, মার্চেন্ট ব্যাংকের করহার কমানো, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগসহ যেসব প্রস্তাব করা হয়েছে-সেগুলোর পেছনে যুক্তি আছে। এই প্রস্তাবগুলো চূড়ান্ত বাজেটে অন্তর্ভূক্ত করার চেষ্টা করব। এছাড়াও দিন দিন শেয়ারবাজার যেভাবে সম্প্রসারণ হচ্ছে সেক্ষেত্রে স্টেকহোল্ডারদের দায়িত্ব বাড়বে। দেশের দুই স্টক এক্সচেঞ্জের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে তাদের ব্যবস্থাপনা, অবকাঠামো এবং ডিজিটালাইজেশনের সক্ষমতা বাড়াতে হবে।

বিশ্বের উন্নত দেশগুলোর শেয়ারবাজার যেভাবে পরিচালিত হয় এবং সেখানে যে ধরনের সুযোগ-সুবিধা আছে, সেগুলো আমাদেরকেও চালু করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ডিএসই ব্রোকার্স অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরিফ আনোয়ার হোসাইন ও এএমসি অ‌্যাসোসিয়েশনের সভাপতি ড. হাসান ইমাম। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান ও সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading