এবারের বাজেট পুঁজিবাজারের জন্যেও ইতিবাচক: বিএসইসি চেয়ারম্যান

এবারের বাজেট পুঁজিবাজারের জন্যেও ইতিবাচক: বিএসইসি চেয়ারম্যান

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১৯:৪৫

এবারের বাজেট ‘মেড ইন বাংলাদেশ বাজেট’ উল্লেখ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, এই বাজেট পুঁজিবাজারের জন্যেও ইতিবাচক।

শনিবার (১৯ জুন) ‘বাজেট পরবর্তী আলোচনা ও শেয়ারবাজারের উন্নয়ন চিত্র’ শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ‌্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ওয়েবিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বিএসইসি চেয়ারম্যান বলেন,বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অনেক কথা বলা আছে। যেখানে ইক্যুইটি মার্কেটের বাহিরে গিয়ে নতুন প্রোডাক্ট চালু করার কথাও বলা হয়েছে।

তিনি বলেন, বিএসইসি বিজনেস ফ্রেন্ডলি রেগুলেটর হিসেবে কাজ করছে। সরকারের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের অবদান বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে কমিশন।

বাজেটের বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আজকের আলোচনায় চূড়ান্ত বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহার ব্যবধান বাড়ানো, লভ্যাংশে দ্বৈত করহার প্রত্যাহার, মার্চেন্ট ব্যাংকের করহার কমানো, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগসহ যেসব প্রস্তাব করা হয়েছে-সেগুলোর পেছনে যুক্তি আছে। এই প্রস্তাবগুলো চূড়ান্ত বাজেটে অন্তর্ভূক্ত করার চেষ্টা করব। এছাড়াও দিন দিন শেয়ারবাজার যেভাবে সম্প্রসারণ হচ্ছে সেক্ষেত্রে স্টেকহোল্ডারদের দায়িত্ব বাড়বে। দেশের দুই স্টক এক্সচেঞ্জের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে তাদের ব্যবস্থাপনা, অবকাঠামো এবং ডিজিটালাইজেশনের সক্ষমতা বাড়াতে হবে।

বিশ্বের উন্নত দেশগুলোর শেয়ারবাজার যেভাবে পরিচালিত হয় এবং সেখানে যে ধরনের সুযোগ-সুবিধা আছে, সেগুলো আমাদেরকেও চালু করতে হবে বলেও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ডিএসই ব্রোকার্স অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরিফ আনোয়ার হোসাইন ও এএমসি অ‌্যাসোসিয়েশনের সভাপতি ড. হাসান ইমাম। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান ও সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading