ক্যাম্পাস বন্ধ: ঢাবির আবাসন ও পরিবহন ফি মওকুফের প্রস্তাব
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ২০:০০
করোনা পরিস্থিতির কারণে দেড় বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফের প্রস্তাব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও সিনেটের ছাত্র প্রতিনিধি সাদ্দাম হোসেন এ প্রস্তাব দিয়েছেনে।
গত বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালিয়ের সিনেটের বার্ষিক অধিবেশন হয়। অধিবেশনে উপাচার্যের বাজেট বক্তৃতার ওপর আলোচনায় তারা এ প্রস্তাব তুলে ধরেন।
এবিষয়ে সাদেকা হালিম বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হলের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ অন্যান্য খরচ বেঁচে গেছে, সেহেতু গত এক বছরে শিক্ষার্থীদের আবাসন ফিসহ সব ধরনের ফি মওকুফের প্রস্তাব রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকে শিক্ষার্থীরা পরিবহন সেবা নেয়নি। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে এই ফি নেওয়া যৌক্তিক নয়। পরিবহন ফি মওকুফ করলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে।’
একই প্রস্তাব তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য সাদ্দাম হোসেন।
তিনি বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় সেবা গ্রহণ না করেও আবাসন ফি, পরিবহন ফি দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। তাই, দুই বছরের জন্য এসব ফি যেন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়, সে প্রস্তাব রাখা হয়েছে।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ফি মকুফের প্রস্তাব করা হয়েছে। এটি মওকুফ করা যেতেই পারে।’

