করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত আরও ৪২১ জন

করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত আরও ৪২১ জন

উত্তরদক্ষিণ| শুক্রবার, ০২ জুলাই ২০২১| আপডেট ১৫:৫৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪২১ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৪ দশমিক ১৭ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত ৪ রোগীর মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, নগরীর আটটি ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ১ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪২১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এর মধ্যে শহরের ২৮৪ জন ও ১৩ উপজেলার ১৩৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩৬ জন সীতাকুন্ডে।

এছাড়া, মিরসরাইয়ে ৩০ জন, হাটহাজারীতে ১৬ জন, রাউজানে ১৫ জন, ফটিকছড়িতে ১৪ জন, আনোয়ারায় ৮ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, সন্দ্বীপ ও পটিয়ায় ৩ জন করে, লোহাগাড়া ও সাতকানিয়ায় ২ জন করে এবং বাঁশখালী ও চন্দনাইশে একজন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৯ হাজার ৭৩৭ জন। আক্রান্তদের মধ্যে শহরের বাসিন্দা ৪৬ হাজার ৫৪৭ জন ও গ্রামের ১৩ হাজার ১৯০ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল করোনায় শহরের ২ জন ও গ্রামের ২ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৭১০ জন। এতে শহরের বাসিন্দা ৪৭৯ জন ও গ্রামের ২৩১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১৪৪ জন। ফলে করোনায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৪৯ হাজার ৬০৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৫৬১ জন এবং ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৩ হাজার ৪৭ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ১৮১ জন ও ছাড়পত্র নিয়েছেন ৮৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫২২ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৬ জনের নমুনা পরীক্ষায় শহরের ৬৭ ও গ্রামের ৫৬ জন জীবাণুবাহক পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮ জনের নমুনার মধ্যে শহরের ৫৬ ও গ্রামের ১৩ জন আক্রান্ত শনাক্ত হন।

ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৭ টি নমুনায় শহরের ১৭ ও গ্রামের ১৭ টিতে ভাইরাসের অস্তিত্ব মিলে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ২৪ ও গ্রামের ২০ জন জীবাণুবাহক বলে চিহ্নিত হন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading