বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা দিচ্ছে জাপান
উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৩:৩০
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে এ সব টিকা সরবরাহ করা হবে। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো এক টুইট বার্তায় জানিয়েছেন, বাংলাদেশকে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে তার দেশ।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোটেগি গত মঙ্গলবার ১৫টি দেশকে ১ কোটি ১০ লাখ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়া হবে এই ঘোষণার পরে রাষ্ট্রদূত ওই টুইট করেন।
টুইটে তিনি বলেন, বাংলাদেশে খুব শিগগিরই ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানো হবে। কোভিড মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন জাপানে উৎপাদন করা হয়েছে। জাপানের সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, শিগগিরই কোভ্যাক্সের টিকা পাবে বাংলাদেশ, কম্বোডিয়া, পূর্ব তিমুর, লাওস, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, ভেনুয়াতু ও ইরান।বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছে কিন্তু দ্বিতীয় ডোজ নিতে পারেনি। তাদের জন্য এই টিকা খুব কাজে আসবে।

