বিএনপির নেতৃত্বাধীন ২০ জোট ছাড়ল জমিয়ত
উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৯:৩৫
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৪ জুলাই) বিকেলে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ’র ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
সংবাদ সম্মেলনে ইসলামী মূল্যবোধের প্রতি বিএনপির অনাস্থা এবং জোটের শরিক দল হিসেবে যথাযথ মূল্যায়ন না করাসহ বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন বাহাউদ্দিন জাকারিয়া।
তার অভিযোগগুলোর মধ্যে রয়েছে- জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, শরিকদের সঙ্গে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া।
মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না।’

