করোনা ও উপসর্গে রামেক মেডিকেলে ১৯ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১০:১০
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়।
রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। ১২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর দুইজন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।
১৯ জন মৃতের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন এবং পাবনার ছয়জন রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১৫ দিনে ২৬৭ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

