কুষ্টিয়ায় করোনাভাইরাসে এক দিনে ১০ মৃত্যু, ঝিনাইদহে আরও ৪
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১২:৪৫
কুষ্টিয়ায় এক দিনে করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে; একই সময় ঝিনাইদহে মারা গেছে চারজন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান বলে চিকিৎসা কর্মকর্তারা জানান।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় তার জেলায় ১০ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় মোট ৩৮০ কোভিড রোগীর মৃত্যু হল। একই সময় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। বুধবার জেলার ৮৯৪ জনের পরীক্ষায় শনাক্তের হার প্রায় ৩১ শতাংশ বলে তিনি জানান।
একই সময়ে ঝিনাইদহে আরও চারজন কোভিড রোগী মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন বলে জেলার সিভিল সার্জন দপ্তরের কোভিডবিষয়ক মুখপাত্র মো. জাহাঙ্গীর হোসেন জানান।
তিনি বলেন, আক্রান্ত চারজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে ২৭৭ জনের পরীক্ষায় ৯৪ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৯ জনে।
তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনজন মারা গেছেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানিয়েছেন।

