জার্মানিতে বন্যায় মৃত্যু সংখ্যা ৮১ ,নিখোঁজ ১৩০০
উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৬ জুলাই ২০২১| আপডেট ১৪:০৫
পশ্চিমাঞ্চল জার্মানিতে অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১তে দাঁড়িয়েছে। এই দুর্যোগ কবলিত আরও ১৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন ।খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় পুলিশের এক কর্মকতা জানান, বন্যা থেকে বাচতে অনেক মানুষ অবস্থান নিয়েছে বাড়ির ছাদে। তবে সেখানে মোট কতজন অবস্থান করছে, তা এখনো পরিষ্কার নয়। অনেক এলাকায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে। শেষ হলে প্রকৃত অবস্থা জানা যাবে।
বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সে কারণে অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসনিক সূত্রগুলো জানিয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) পর্যন্তও জার্মানির পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে খরস্রোত থাকার কারণে ভূমি ধসে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার খবর ফেসবুকে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে, এখনো নিখোঁজ থাকাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। কিন্তু, কয়েকটি অঞ্চলের গ্যাসলাইনে লিকেজ থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

